নির্বাচনের আগে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো মিছিলের ভিডিও 

গতকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচনে অংশ নিতে না পারা রাজনৈতিক দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছাত্রলীগের মিছিলের আলোচিত এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চরফ্যাশনে যাওয়া উপলক্ষে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীর মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মোঃ নিজাম উদ্দিন রাসেল নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩০ এপ্রিল একই মিছিলের ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, মিছিলটি তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চরফ্যাশনে যাওয়া উপলক্ষে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের শুভেচ্ছা মিছিলের ভিডিও।

মোঃ নিজাম উদ্দিন রাসেল নামের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে জানা যায়, তিনি সেসময় উল্লিখিত শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। মিছিলটি তার নেতৃত্বেই হয়েছি। এছাড়াও তার অ্যাকাউন্টে সেসময় দীপু মনির চরফ্যাশন ভ্রমণের ছবি সংবলিত একটি পোস্টও পাওয়া যায়।

অর্থাৎ, ছাত্রলীগের আলোচিত মিছিলের ভিডিওটি গত ১০ ফেব্রুয়ারির নয়।

সুতরাং, চরফ্যাশনের স্থানীয় ছাত্রলীগের মিছিলের পুরোনো ভিডিওকে নির্বাচনের আগে ছাত্রলীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • মোঃ নিজাম উদ্দিন রাসেল Facebook Post
  • Rahim Talukdar Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: