সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে দৌড়ানোর একটি ভিডিও প্রচার করে ভিডিওর টাইটেলে লেখা হয়েছে, ‘পুলিশকে দৌড়ানি দেওয়া ছাত্রলীগকে থামাতে এসোনা’।
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুলিশকে দৌড়ানোর দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুলিশকে দৌড়ানোর দৃশ্যের নয় বরং, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আগস্টে ঢাকার ধামরাইয়ে পুলিশকে আন্দোলনকারী ছাত্রজনতাদের দৌড়ানোর ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি-র’ ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৪ সালের ৪ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিও সম্পর্কে বিএনপির পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘ধামরাইয়ে গণঅভ্যুত্থান! || ৪ আগস্ট ২০২৪, রবিবার | ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের ১দফা দাবীতে অসহযোগ আন্দোলন সমর্থনে ঢাকার ধামরাইয়ে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল।’

এছাড়াও, অনুসন্ধানে ২০২৪ সালের ৪ আগস্টে ফেসবুক ও টিকটকে প্রচারিত আরো একাধিক ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। সেসব পোস্টেও ভিডিওটি পুলিশকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রজনতাদের দৌড়ানোর ভিডিও উল্লেখ করা হয় এবং স্থান হিসেবে উল্লেখ করা হয় ঢাকার ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ড।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের পুলিশকে দৌড়ানোর দৃশ্যের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আগস্টে ঢাকার ধামরাইয়ে পুলিশকে আন্দোলনকারী ছাত্রজনতাদের দৌড়ানোর ভিডিওকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুলিশকে দৌড়ানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- ভদ্র পাপি, Mirza Golam Hafiz College – Facebook Post
- Muhammad Mamun – Tiktok Post
- Rumor Scanner’s analysis


