সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ আওয়ামী লীগ মাঠে নেমে গেছেআলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথে ছাত্রলীগের দখলে, সাহসী যোদ্ধাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি, দবায় রাখতে কেউ পারবে না ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Sumon Shahrier’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৪ মে ‘ছা্ত্রলীগ ছাত্রদল সংঘর্ষ News24, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ,’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২২ সালের ২৪ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২২ সালের।
সুতরাং, ২০২২ সালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ ঢাবির রাজপথ দখলে নিয়েছে দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


