সম্প্রতি, বাংলাদেশ ছাত্রলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে বিক্ষোভকারীদের, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই/ আছিস যত রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।

ফেসুবকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ছাত্রদলের আনন্দ মিছিলের ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে স্লোগান পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়ার ফেসবুক অ্যাকাউন্টে গত ২২ ডিসেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল থাকলেও মিছিল দুটির স্লোগানের পার্থক্য রয়েছে। আলোচিত ভিডিওটিতে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই/ আছিস যত রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ শীর্ষক স্লোগান দিতে শোনা গেলেও প্রাপ্ত ভিডিওতে ‘মা, মাটি ডাকছে, তারেক রহমান আসছে/২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’-সহ তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যার সাথে আলোচিত ভিডিওটির কোনো মিল নেই।
এছাড়াও সোহাগ ভূঁইয়ার ফেসবুক অ্যাকাউন্টে সেদিনের আনন্দ মিছিলের লাইভ ভিডিওর সন্ধান পাওয়া যায়। পাশাপাশি লক্ষ্য করা যায়, উক্ত আনন্দ মিছিলে সোহাগ ভূঁইয়া স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মিছিলটি ছাত্রলীগ নয়, বরং ছাত্রদলের।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওর স্লোগান পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ছাত্রদলের মিছিলের ভিডিওকে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।


