সম্প্রতি, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সম্মানের সাথে স্যালুট প্রদর্শন করলেন প্রধান উপদেষ্টা দুই দেশের দুই জাতির পিতা’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে, আহমেদ মীর নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবিটির উল্লেখযোগ্য মিল রয়েছে। তবে মূল ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ড. ইউনূসকে নয়, বরং এক যুবককে স্যালুট দিতে দেখা যাচ্ছে।
২০২৩ সালে প্রকাশিত সময় টিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতার শিয়ালদহ রেল স্টেশনে এই ভাস্কর্যটি অবস্থিত। তবে ২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেওয়ার পর ড. ইউনূস ভারত সফর করেননি।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।
অর্থাৎ, ইন্টারনেটে বিদ্যমান একটি ছবির সাহায্যে এআই প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ মুজিবের মূর্তিকে প্রধান উপদেষ্টা স্যালুট দিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- আহমেদ মীর – Facebook Post
- Somoy Tv: কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সমালোচনা!
- DeepFake-o-meter: Effort (2025)
- Rumor Scanner’s Analysis


