সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের বিপক্ষে কাজ করলে চাকরিচ্যুত করা হবে শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট যেখানে ব্যালটে থাকা প্রশ্নের জবাবে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ এর মধ্য দিয়ে নিজের মতামত প্রকাশ করবেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে ড. ইউনূস বলেছেন, ‘সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের বিপক্ষে কাজ করলে চাকরিচ্যুত করা হবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের বিপক্ষে কাজ করলে চাকরিচ্যুত করা হবে’ শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে ‘Iqbal TV’ নামের একটি টেক্সটের সংযুক্তি পাওয়া যায়৷
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Iqbal TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ জানুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Iqbal TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে কোনো পোস্টকে গুরুতরভাবে/সিরিয়াসভাবে নেবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের বিপক্ষে কাজ করলে চাকরিচ্যুত করা হবে’ শীর্ষক মন্তব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal TV – Facebook Post
- Rumor Scanner’s analysis

