শিশুকে মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়, ইরাকের 

সম্প্রতি, এক ব্যক্তি কর্তৃক এক শিশুকে মারধরের ভিডিও প্রচার করে মারধরকারী ব্যক্তিকে গ্রেফতারের দাবি করা হয়েছে।

পোস্টে স্থানের নাম উল্লেখ না করলেও বাংলায় ক্যাপশন লেখায় এবং গ্রেফতারের দাবি জানানোয় নেটিজেনরা এটি বাংলাদেশের ঘটনা ভেবে মন্তব্য করছে এবং পোস্টটি শেয়ার করছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, উক্ত ভিডিওটি ইরাকে এক শিশুকে তার বাবা কর্তৃক মারধরের দৃশ্য।

অনুসন্ধানে ইরাকের গণমাধ্যম Al Sumaria Tv এর ওয়েবসাইটে গত বছরের ৩০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ইরাকের রাজধানীর বাগদাদের।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল মাশহাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে আলোচিত ভিডিওটি যুক্ত করে বলা হয়েছে, ইরাকে এক কিশোরী তার বাবার হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।

ইরাকের সংবাদ সংস্থার ওয়েবসাইটে গত বছরের ৩০ অক্টোবর প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, মেয়েকে মারধরের ঘটনায় বাবাকে গ্রেফতার করেছে বাগদাদ পুলিশ।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ইরাকে বাবা কর্তৃক নিজ মেয়েকে মারধরের দৃশ্য।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি বাংলাদেশে এমন ঘটনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ইরাকে বাবা কর্তৃক নিজ মেয়েকে মারধরের ভিডিওকে বাংলাদেশে শিশু নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: