কাতারের তেল ও গ্যাসক্ষেত্রে ইরানের হামলা দাবিতে চীনের পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এর প্রেক্ষিতে সম্প্রতি, ইরান কাতারের তেল ও গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কাতারের কোনো তেল বা গ্যাসক্ষেত্রে ইরানের হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, চীনে অগ্নিনির্বাপক রোবটের মাঠ পর্যায়ে পরীক্ষার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে চীনের ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি CITIC HIC Kaicheng Intelligence Equipment Co., Ltd.-এর ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৮ এপ্রিল একই ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি ২০১৬ সালের ২৩ আগস্ট চীনের দাকিং তেলক্ষেত্রে অগ্নিনির্বাপক স্কাউটিং রোবটের মাঠ পর্যায়ে পরীক্ষার বা মহড়ার ঘটনার। বিবরণী থেকে জানা যায়, এটিই চীনের প্রথম মানবহীন অগ্নিনির্বাপক যন্ত্র।

পরবর্তীতে উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করে একই ধরনের রোবটের আরও ভিন্ন ভিন্ন ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। অর্থাৎ, উক্ত ভিডিওর সাথে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দেশটির রাস লাফানে অবস্থিত বিশ্বের সবচাইতে বৃহৎ এলএনজি উৎপাদনকারী কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপন এবং মেসাইয়িদ শিল্পনগরের একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংক ড্রোন হামলা চালায় ইরান।

সুতরাং, চীনে অগ্নিনির্বাপক রোবটের মাঠ পর্যায়ে পরীক্ষার পুরোনো ভিডিওকে কাতারের তেল ও গ্যাসক্ষেত্রে ইরানের হামলা চালানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: