সম্প্রতি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে জড়িত থাকায় চট্টগ্রামের চকবাজারে একজনকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, ঘটনাটি চকবাজারের গুলজার টাওয়ারে ঘটে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় চট্টগ্রামের চকবাজারে ভবন থেকে ফেলে দিয়ে হত্যার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গুলজার টাওয়ার থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তিনি নিজেই ভবন থেকে লাফ দেন।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম CNTV CTG-এর ফেসবুক পেজে গত ২৯ মার্চ একই ঘটনায় প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে ওই ব্যক্তির ভবন থেকে পড়ে যাওয়ার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো উল্লেখ পাওয়া যায়নি। বরং জানা যায়, গুলজার টাওয়ার থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভবনটি থেকে লাফ দেয়। লাফ দেওয়ার আগে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে একজন উপস্থিত হলেও সে নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে নেয়।

পরবর্তীতে ইলেকট্রনিক গণমাধ্যম আরটিভির ফেসবুক পেজেও একই ঘটনার ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। গণমাধ্যমটিতে ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয়েছে বলে লক্ষ্য করা যায়।

একই ঘটনায় আরেকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও ভবন থেকে লাফ দেওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয়। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, ঈদের ছুটিতে গুলজার টাওয়ার বন্ধ থাকার পর রোববার সকাল থেকে দোকানপাট খোলার প্রস্তুতি নেওয়ার সময় ওই তরুণ সেখানে ঢুকে যায়। একপর্যায়ে সিঁড়ি বেয়ে সে ছাদে উঠে গেলে বারবার নেমে আসতে বলা হলেও শুনেনি। ৬ তলা ভবনের ছাদে উঠে বাইরের রাস্তার দিকে ঝুলে থাকা অবস্থায়ও তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু একপর্যায়ে সে লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায়।
উক্ত ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, চট্টগ্রামের গুলজার টাওয়ার থেকে পরে যাওয়া ওই যুবক মারা যায়ননি। এছাড়াও উক্ত ঘটনার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতারও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় চট্টগ্রামের চকবাজারে ভবন থেকে ফেলে দিয়ে এক যুবকে হত্যা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- CNTV CTG: Facebook Post
- Rtv: Facebook Post
- Banglanews24: মার্কেটের ছাদ থেকে লাফ দিয়ে তরুণ আহত


