জামায়াত-বিএনপি ও আসন বণ্টন বিষয়ে ফয়জুল করিমের নামে ভুয়া তথ্য প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১টি রাজনৈতিক দলের ‘১১-দলীয় নির্বাচনী ঐক্য’ ব্যানারে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথা ছিল। আসন সমঝোতা নিয়ে কয়েক দিনের টানাপোড়েনের পর গত ১৬ জানুয়ারি এই জোট ত্যাগ করে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই প্রেক্ষিতে ‘এই মুহুর্তে জামায়াতের জোট ছাড়লে বিএনপি আমাদের ১০০ এরও বেশি আসন দিবে ফয়জুল করিম’ শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোট ত্যাগ করে বিএনপিতে যোগদান করলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১০০টিরও বেশি আসন প্রদানের বিষয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
তাছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে মুফতি ফয়জুল করিমের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত মন্তব্যটির বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যোগাযোগ করা হয়। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ নিশ্চিত করেন যে দলটিরর জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, জামায়াত জোট ত্যাগ ও বিএনপিতে যোগদানে ১০০টির বেশি আসন পাওয়ার বিষয়ে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিমের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Islami Andolan Bangladesh – Facebook Page
- Sheikh Fazlul Karim Maruf’s Statement.

