রাজাকার দলের ছাত্রশিবির থেকে তারেক রহমানের ছাত্রদল উত্তম শীর্ষক মন্তব্য করেননি চরমোনাই পীর

সম্প্রতি ‘রাজাকার দলের ছাত্রশিবির থেকে তারেক রহমানের ছাত্রদল উত্তম – চরমোনাই পীর’ শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রশিবির ও ছাত্রদলকে জড়িয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

তাছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে মুফতি ফয়জুল করিমের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Lalmaiya TV’ নামক ফেসবুক পেজে গত ০৮ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উক্ত ফটোকার্ড থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে।

‘Lalmaiya TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়, তারা সমসাময়িক সংবাদগুলোকে সার্কাজম আকারে প্রকাশ করে থাকে৷

My Bangla.tv এর উল্লেখিত ফটোকার্ড পোস্টের মন্তব্যের ঘরে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘janunatv.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘রাজাকার দলের ছাত্রশিবিরের থেকে তারেক রহমানের ছাত্রদল উত্তম -চরমোনাই পীর’ শীর্ষক শিরোনামে কথিত দাবির বিষয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল হিসেবে ০৮ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে ‘বিস্তারিত পড়ুন’ অংশে ক্লিক করলে এটি বিভিন্ন জুয়ার সাইটে প্রবেশ করে। অর্থাৎ, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সাইটটিতে কথিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

সুতরাং, ছাত্রশিবির ও ছাত্রদলকে জড়িয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: