গণ স্বাস্থ্য প্রকল্প-২০২৩ এর আওতায় ইউনিসেফের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, `ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ (গণ স্বাস্থ্য প্রকল্প-২০২৩ ইং)’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিটি পড়ে দেখা যায়, এতে বলা হয়েছে, “শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ব্যাংক ড্রাফট বাবদ শিশু কল্যাণ ট্রাস্টে নগদ ৫৮০/- টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। টাকা জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে যোগদান পত্র প্রদান করা হবে।” বিজ্ঞপ্তিতে ই-মেইলে আবেদন পত্র দাখিলের নির্দেশনা দিয়ে [email protected] নামে একটি ইমেইল ঠিকানাও দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, এই বিজ্ঞপ্তি মানব জমিন এবং প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউনিসেফ বাংলাদেশে স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ (গণ স্বাস্থ্য প্রকল্প-২০২৩ ইং) শীর্ষক কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক ইমেইল নয়। বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।

পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি এমন [email protected]

অর্থাৎ প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ইউনিসেফের অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশ এবং ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ মে “চাকরির প্রতারণা থেকে সাবধান” শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ইউনিসেফ জানায়, ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে কখনই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোন সন্দেহ থাকলে [email protected] শীর্ষক ইমেইলে যোগাযোগ করতে বলা হয়।

পাশাপাশি, প্রথম আলো ও মানবজমিন পত্রিকায় কথিত এই বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করা হলেও এ সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তথ্য প্রথম আলো এবং মানবজমিনের প্রিন্ট সংস্করণে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ দাবিতে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ (গণ স্বাস্থ্য প্রকল্প-২০২৩ ইং)’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভু্ুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: