চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের হামলায় সৌদি আরবে ১৭ মার্কিন সেনা নিহত হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজারের বেশি বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইরানের হামলায় সৌদি আরবে ১৭ মার্কিন সেনা নিহতের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সৌদি আরবকে লক্ষ্য করে হামলাচেষ্টা হলেও এই সংঘাতে দেশটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে অনুসন্ধানে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে গত রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই সংঘাতে হতাহতের সর্বশেষ হালনাগাদ তথ্য পাওয়া যায়। আল জাজিরা জানাচ্ছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইরানি হামলাগুলো রাজধানী রিয়াদ এবং পূর্ব প্রদেশ উভয়কেই লক্ষ্য করে করা হয়েছে, যেখানে প্রধান তেল অবকাঠামো এবং রাজা আব্দুল আজিজ বিমান ঘাঁটি অবস্থিত। গতকাল বিকেল পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও হতাহতের খবর দেয়নি।
এ বিষয়ে জানতে সৌদি আরবের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নো রিউমারস এর প্রতিষ্ঠাতা রায়ান আদিলের সাথে যোগাযোগ করলে তিনিও রিউমর স্ক্যানারকে একই তথ্য দিয়েছেন। রায়ান বলছেন, সৌদি ভূখণ্ডে এই ধরনের হামলার সংখ্যা অত্যন্ত কম, বিশেষ করে ২০০৩ সাল থেকে কিংডমে মার্কিন-শাসিত সামরিক ঘাঁটির অনুপস্থিতির কারণে।
সুতরাং, ইরানের হামলায় সৌদি আরবে ১৭ মার্কিন সেনা নিহতের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement
- Al Jazeera: US-Israel attacks on Iran: Death toll and injuries live tracker


