নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসা থেকে ৪ বস্তা ভর্তি টাকা উদ্ধার ও তার গ্রেফতার হওয়ার ভুয়া দাবি ফেসবুকে

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসা থেকে ৪ বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসা থেকে ৪ বস্তা ভর্তি টাকা উদ্ধার করা কিংবা তাকে গ্রেফতারের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে হাতকড়া পরানো অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীর আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চে স্টক ইমেজ ও ভিডিও বিক্রয়কারী ওয়েবসাইট ‘alamy’ তে ২০১৫ সালের ০২ মার্চে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবি সংবলিত ছবির ব্যাকগ্রাউন্ড এবং র্যাব সদস্যদের চেহারার মিল রয়েছে।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ ঢাকায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফারাবি শাফিউর রহমানকে (ছবিতে মাঝখানে) গণমাধ্যমের সামনে উপস্থাপন করে। র্যাবের দাবি অনুযায়ী, তিনি একজন মার্কিন ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে গ্রেফতার হন। ছবিটি সংবাদমাধ্যমের জন্য আয়োজিত একটি ফটোকলের সময় তোলা।
পরবর্তীতে অনুসন্ধানে, মূলধারার সংবাদমাধ্যম ‘বিডি নিউজ ২৪’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ৩০ মার্চে একই ছবি ব্যবহারে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজের বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পরবর্তীতে, ২০২২ সালের মার্চ মাসে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারাবিকে খালাস দেন। ওই মামলায় তার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আদালত।
পাশাপাশি, নাসীরুদ্দীন পাটওয়ারীর সর্বশেষ অবস্থান বিষয়ে অনুসন্ধানে জানা যায় তিনি গ্রেফতার হননি। গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম, প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসা থেকে টাকার বস্তা উদ্ধার কিংবা তার গ্রেফতার হওয়ার দাবির সপক্ষে কোনো খবর পাওয়া যায়নি।
সুতরাং, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসা থেকে ৪ বস্তা ভর্তি টাকা উদ্ধার ও তার গ্রেফতার হওয়ার দাবিটি ভুয়া।
তথ্যসূত্র
- Alarmy Website: Image
- Bdnews24: অনন্ত বিজয় হত্যা: যে কারণে ফারাবী খালাস
- Prothom Alo: পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
- Rumor Scanner’s Analysis

