আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত

সম্প্রতি, “এখনি আওয়ামীলীগ যেভাবে ক্যাম ব্যাক করতে পারে” শিরোনামে সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে সেনাবাহিনীর পোশাক পরিহিত তিনজন ভিন্ন চেহারার ব্যক্তিকে কথা বলতে শোনা যায়। প্রথম ভিডিওটিতে সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আওয়ামী লিগ যেভাবে দ্রুত কামব্যাক করতে পারে। বাংলাদেশের প্রত্যেক উপজেলা থেকে ৩০০ থেকে (অস্পষ্ট) জন নেতাকর্মী নিয়ে ঢাকায় যমুনা ঘেরাও করুন। দ্বিতীয় ব্যক্তিতে বলতে শোনা যায়, “যমুনার চারপাশে চারটি সমাবেশ করুন। চারপাশে লক্ষ লক্ষ নেতাকর্মী দেখে পুলিশ-সেনাবাহিনী ভয়ে পিছু থাকবে। পুলিশ-সেনাবাহিনী পিছু হঠতে বাধ্য হবে, আন্দোলন সফল হবে।” একইভাবে তৃতীয় ব্যক্তিতে বলতে শোনা যায়, “আপনারা আন্দোলন শুরু করলেই আপনাদের সাথে ঢাকা শহরের রিকশা চালক, বাস চালক, সিএনজি চালকসহ সাধারণ মানুষ আপনাদের সাথে যোগ দিবে। কারণ দেশের মানুষ এখন ভালো নেই।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এখনি আওয়ামীলীগ যেভাবে ক্যাম ব্যাক করতে পারে’ শিরোনামে সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে, কোনো সেনা কর্মকর্তা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ প্রসঙ্গে এরূপ কোনো মন্তব্য করলে তা নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হতো।
পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানানো হয়।

এছাড়া, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়।
সুতরাং, ‘এখনি আওয়ামীলীগ যেভাবে ক্যাম ব্যাক করতে পারে’ শিরোনামে সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect AI: AI Content Detector
- DeepFake-O-Meter: AI Content Detector

