জামায়াত-শিবির-বিএনপি’র নির্বাচনী সহিংসতার পরিকল্পনা দাবিতে সেনাসদস্যের ভিডিওটি এআই নির্মিত 

সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে সেনাসদস্যের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “জামায়াত, শিবির ও বিএনপিদের অবৈধ নির্বাচনের পরিকল্পনায় নির্বাচনের মাঠে হত্যাকাণ্ড ঘটতে পারে। তাই সবাই নিরাপদে বাসায় থাকবেন।”

টিকটিকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। ভিডিওটি এখন পর্যন্ত ৯ লক্ষ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্র বা স্বীকৃত গণমাধ্যমে উক্ত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে উপস্থিত সেনাসদস্যের কণ্ঠ ও অঙ্গভঙ্গি স্বাভাবিক নয় এবং তা বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এছাড়া, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান কিছু লেখাও অস্পষ্ট, বিকৃত ও অর্থহীন যার সঙ্গে প্রমিত বাংলা লেখার কোনো মিল নেই। এ ধরনের অস্পষ্ট ও বিকৃত বাংলা লেখা প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে নির্মিত কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ‘হাইভ ডিটেক্ট এআই’ টুলে পরীক্ষা করা হয়। প্রচারিত ০৯ সেকেন্ডের ভিডিওটি যাচাই করলে দেখা যায়, এটির দৃশ্য এবং ভয়েস এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

পাশাপাশি, ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলেও, সেনাসদস্যের এমন কোনো ভিডিও বা বক্তব্যের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের এআই-জেনারেটেড কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী।

সুতরাং, নির্বাচনের দিন জামায়াত, শিবির ও বিএনপির পরিকল্পনায় নির্বাচনের মাঠে হত্যাকাণ্ড ঘটতে পারে দাবি করে প্রচারিত সেনাসদস্যের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: