ঢাকায় শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

দুইদিনের বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি এলেও কর্মস্থলে যাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণ। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট ও জলাবদ্ধতা। এরই প্রেক্ষিতে ঢাকায় শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ইউটিউব ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকের ভিডিওটি প্রায় ১৪ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ২ লক্ষ ৪৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় শিলাবৃষ্টির আসল দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে বেশকিছু অসংগতি লক্ষ্য করা যায়। ভিডিওর শুরুতে শিলের আকৃতিগত অবস্থান, পাশে দৃশ্যমান সবজি দোকান এবং উপস্থিত লোকজনের অস্বাভাবিক নড়াচড়া পরিলক্ষিত হয়।

এছাড়া, ভিডিওতে থাকা প্রাইভেট কারের নাম্বার প্লেটে ‘MH12AB592’ শীর্ষক নাম্বারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অনুসন্ধানে জানা যায়, এটি মূলত মহারাষ্ট্রের পুনে এলাকার নাম্বার প্লেট।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশন দিয়ে বিশ্লেষণ করলে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ দেখা যায়।

এছাড়া, ডিপফেক ও মিটারের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও প্রচারিত ভিডিওটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা শতভাগ বলে ফলাফল আসে।

সুতরাং, ঢাকায় শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis 
  • AI Analysis
Share: