সম্প্রতি, “আপনাদের যেকোন সমস্যায় আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি” শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে তারেক রহমানের কণ্ঠে বলতে শোনা যায়, “আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি তারেক রহমান। আপনারা নাকি আমাকে চেনেন এবং সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে পাশে থাকেন। এটাই আমার একমাত্র অফিশিয়াল আইডি। আমি সবসময় আপনাদের দোয়া, ভালোবাসা ও সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা কি আমার পাশে আছেন? যদি সত্যি আমার পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট জানাবেন।”
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার বার দেখা হয়েছে এবং ২২ হাজারের অধিক বার শেয়ার করা হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে আলোচিত দাবি সংবলিত ভিডিওটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, তারেক রহমানের ফেসবুক এবং এক্স অ্যাকাউন্ট থাকলেও টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তারেক রহমানের এমন মন্তব্য সংবলিত কোনো ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, তারেক রহমানের ফেসবুক কিংবা এক্স অ্যাকাউন্টেও এমন দাবির কোনো ভিডিও বা তথ্যের হদিস পাওয়া যায়নি।
এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর পারিপার্শ্বিক অবস্থা এবং তারেক রহমানের কথা বলার ভঙ্গিতে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম এটি হাইভ মোডারেশন টুলের ‘Hive Detect AI’ টুলে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ভিডিওটির বক্তব্য এবং মিউজিক এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যের কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Tarique Rahman’ এর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত হুবহু একই ব্যাকগ্রাউন্ড সংবলিত ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া তারেক রহমানের ভিডিও বার্তার দৃশ্য।
সুতরাং, “আপনাদের যেকোন সমস্যায় আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি” শিরোনামে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Moderation: Hive Detect AI
- Tarique Rahman: প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -এর বার্তা
- Rumor Scanner’s Analysis


