মুচলেকা দিয়ে দেশ ছাড়া প্রসঙ্গে তারেক রহমানকে জড়িয়ে আমিনুল হকের মন্তব্য দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক “আমার নেতা তারেক রহমান সাহেব মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন লন্ডনে এটা সত্য। কিন্তু তিনি একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে রাজনীতি করার অধিকার আছে।” বলে মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে উদ্ধৃত করে আমিনুল হক উক্ত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আমিনুল হকের ভিন্ন মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে ‘Dhaka 16 Captain Media Cell’ শীর্ষক নাম ও লোগো’র উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে, এটি প্রকাশের কোনো তারিখের উল্লেখ পাওয়া যায়নি।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে অনুসন্ধানে আমিনুল হকের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৭ জানুয়ারিতে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের হুবহু মিল রয়েছে।

মূল ফটোকার্ডটির শিরোনামে “আমি ক্ষমতার নয় জনতার প্রতিনিধি হতে চাই” শীর্ষক বাক্য থাকলে আলোচিত ফটোকার্ডটিতে এর স্থলে “আমার নেতা তারেক রহমান সাহেব মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন লন্ডনে এটা সত্য। কিন্তু তিনি একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে রাজনীতি করার অধিকার আছে।” শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
এছাড়া, আমিনুল হকের “আমি ক্ষমতার নয়, জনতার প্রতিনিধি হতে চাই” শীর্ষক মন্তব্য নিয়ে ‘খেলাযোগ’ এর ফেসবুক পেজেও সংবাদ প্রচার হতে দেখা যায়।
তাছাড়া, দেশীয় সংবাদমাধ্যম কিংবা বিএনপি সংশ্লিষ্ট কোনো সূত্রেও তারেক রহমানকে উদ্ধৃত করে মুচলেকা দিয়ে দেশ ছাড়া প্রসঙ্গে আমিনুল হকের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক “আমার নেতা তারেক রহমান সাহেব মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন লন্ডনে এটা সত্য। কিন্তু তিনি একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে রাজনীতি করার অধিকার আছে।” বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Aminul Haque: Facebook Post
- খেলাযোগ: Facebook Post
- Rumor Scanner’s Analysis

