কল রেকর্ড থেকে হোয়াটসঅ্যাপ ট্র্যাকিং শিরোনামে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত

সম্প্রতি, আগামীকাল থেকে পরিস্থিতি পাল্টাচ্ছে দাবিতে সেনা সদস্যের সতর্কতামূলক বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আগামীকাল থেকে পরিস্থিতি পাল্টাচ্ছে, সবাইকে খুব সাবধান হতে হবে। মনে রাখবেন এই ৫টি কথা ১. এখন থেকে প্রতিটি ফোনকল রেকর্ড করা হবে এবং সেভ থাকবে। হোয়াটসঅ্যাপ ফেসবুক সব সোস্যাল মিডিয়া এখন কড়া নজরদারির আওতায়। রাজনীতি বা সরকার নিয়ে উল্টাপাল্টা কিছু পোস্ট করলেই বিপদ, বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট হতে পারেন। আপনার মোবাইল ডিভাইসটি এখন সরাসরি মিনিস্ট্রি সিস্টেমের সাথে কানেক্টেড। আর সবচেয়ে ভয়ের বিষয়, হোয়াটসঅ্যাপে যদি তিনটি লাল টিক দেখেন বুঝবেন আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। নিজে সাবধান থাকুন”
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত একটি ভিডিও ২২ লক্ষের অধিক বার দেখা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত দাবিগুলোর পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, সেনা সদস্যের বুক পকেটে নামের স্থলে অর্থপূর্ণ নয় এমন শব্দের ব্যবহার, কথা বলার সময়ে তার ঠোঁটের অস্বাভাবিক নড়াচড়া যা বাস্তবিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করলে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।
পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক টুল ডিপফেক ও মিটারের বিশ্লেষণেও প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।
সুতরাং, আগামীকাল থেকে পরিস্থিতি পাল্টাচ্ছে দাবিতে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect AI
- DeepFake-O-Meter

