১০ থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়, নির্বাচনের জন্য ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে সেনাসদস্যের আদলে পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আগামী ১০ তারিখ থেকে নির্বাচনের জন্য ৩০ তারিখ পর্যন্ত (অস্পষ্ট) সকল ধরণের মোটরসাইকেল চলাচলে নিষেধ। সবাই সাবধানে চলাফেরা করবেন। আমরা মাঠে আছি নিরাপত্তা নিশ্চিত করতে। নির্দেশ মানুন, নিরাপদে থাকুন।”

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ফেসবুকে ভিডিওটি প্রায় ৩২ লক্ষাধিক বার দেখা হয়েছে।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী ১০ থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া দাবি সংবলিত এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্র বা স্বীকৃত গণমাধ্যমে উক্ত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে দেশিয় একাধিক (, , ) সংবাদমাধ্যমেও খবর প্রচার হয়েছে। প্রতিবেদনগুলোর বিস্তারিত বিবরণী থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

পাশাপাশি, প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে একাধিক এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে উপস্থিত সেনাসদস্যের কণ্ঠ ও অঙ্গভঙ্গি স্বাভাবিক নয় এবং তা বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ‘হাইভ ডিটেক্ট এআই’ টুলে পরীক্ষা করা হয়। প্রচারিত ১৫ সেকেন্ডের ভিডিওটি যাচাই করলে দেখা যায়, এটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

তাছাড়া, প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলেও, নির্বাচনে মোটরসাইকেল চলাচলে সেনাসদস্যের এমন তথ্য প্রদানের কোনো ভিডিও বা বক্তব্যের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের এআই-জেনারেটেড কনটেন্ট দ্বারা বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী।

সুতরাং, নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষেধ শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত সেনাসদস্যের বক্তব্য সংবলিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: