আসিফ মাহমুদ এনসিপির চেয়ারম্যান হয়েছেন শীর্ষক দাবিটি ভুয়া

সম্প্রতি, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চেয়ারম্যান হয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদ এনসিপির চেয়ারম্যান হননি এবং এনসিপির কোনো চেয়ারম্যান পদ নেই। প্রকৃতপক্ষে, সম্প্রতি তিনি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এ বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে কোনো চেয়ারম্যান পদের অস্তিত্ব নেই। বর্তমানে এনসিপির দলীয় প্রধান ব্যক্তির পদের নাম আহ্বায়ক। এই পদে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।
গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ। এরপর ২৭ ডিসেম্বর ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া আসিফ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরবর্তীতে ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
সুতরাং, আসিফ মাহমুদ এনসিপির চেয়ারম্যান হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- National Citizen Party – NCP: Facebook Post
- Prothom Alo: পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
- Prothom Alo: কুমিল্লা-৩ আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- Prothom Alo: এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না

