জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ দাবিতে ‘চ্যানেল ২৪’ এর একটি ভিডিও প্রতিবেদন সম্প্রতি টিকটকে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে ‘নিউজটা শুনে অনেক খুশি হলাম’ শীর্ষক বাক্য এবং কিছু ছবি সংযুক্ত করে এটি গত ০১ এপ্রিলের খবর বলে দাবি করা হয়েছে। এছাড়া, এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ২০ হাজারবার দেখা হয়েছে এবং ২ হাজারের অধিক প্রতিক্রিয়া জানানো হয়েছে।
উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে ‘চ্যানেল২৪’-এ প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদ মাধ্যম ‘চ্যানেল২৪’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
ভিডিওটি পর্যালোচনায় এবং গণমাধ্যমের (১, ২) সংবাদ অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১২ জুলাই বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ষড়যন্ত্র করে সেই নির্বাচন যে ঠেকানো যাবে না সেটির জানান দিতেই এই সমাবেশের আয়োজন বলেও জানা যায়।
উল্লেখ্য, একইদিনে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


