সম্প্রতি “বাংলাদেশ এখন আফগানিস্তানে পরিণত হয়েছে ভালো নেই বাংলাদেশের মানুষ” শিরোনামে বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, বিদ্যাপীঠ নামক একটি নাটকের দৃশ্যকে বাংলাদেশের বর্তমান নাজুক পরিস্থিতি দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘RKR Production’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর “Bidya Pith Expert Tofazzel Shares” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৮ মিনিট ২৭ সেকেন্ড সময়ের দীর্ঘ এই নাটকটির ১৪ মিনিট ৪০ সেকেন্ড থেকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য দেখতে পাওয়া যায়।

নাটকটির ঘটনা প্রবাহ বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভাত খাইয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। মোবাইল চুরির সন্দেহে তিন ধাপে ২১ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাবিতে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে আলোকপাত করেই ‘বিদ্যাপীঠ’ নামক নাটকটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গোপালগঞ্জে হাসপাতালের বেড থেকে নামিয়ে হত্যার ভিডিও দাবিতে একই ভিডিওটি প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটকের ভিডিওকে বাংলাদেশের বর্তমান নাজুক পরিস্থিতির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- RKR Production: YouTube Video
- Prothom Alo: তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র


