ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও দুইটিই এআই নির্মিত

সম্প্রতি, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গলায় জুতার মালা পরিহিত একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে।
একই দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
অনুরূপ দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, ব্যারিস্টার ফুয়াদের ভিন্ন একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ছবি ও ভিডিও দুইটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘News24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ০৭ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ছবি ও ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। তবে, মূল ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা দেখা যায়নি।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেশিয় একাধিক (১, ২, ৩) মূলধারার সংবাদ মাধ্যমে আলোচিত বিষয়ে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলো পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ০৭ ডিসেম্বরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
জানা যায়, ঐ সময়ে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’ এর পরপরই স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
এছাড়া, ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে ‘Meta AI’ লেখা জলছাপ দেখা যায়। ‘মেটা এআই’ হলো প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার তৈরি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম, যা ২০২৩ সালে চালু হয়। এটি এআই দিয়ে তৈরি কনটেন্টে সাধারণত এমন জলছাপ দেখা যায়, যা মেটা এআই দিয়ে তৈরি হয়েছে বোঝাতে ব্যবহৃত হয়।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রচারিত ভিডিওটি ডিপফেক ও মিটারের ‘AVSRDD (2025)’ মডেলে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৮৮.৫ শতাংশ।
অর্থাৎ, ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও দুইটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- News24: ব্যারিষ্টার ফুয়াদকে ভুয়া ভুয়া স্লোগানে তিরষ্কার
- Kaler Kantho: নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান
- Barta Bazar: চাঁদার বিরুদ্ধে কথা বলে নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ
- Bangla Tribune: বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, অবাঞ্ছিত ঘোষণা
- Rumor Scanner’s Analysis

