নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মসজিদে হামলার দৃশ্য দাবিতে বাংলাদেশের ভিডিও প্রচার 

পশ্চিমবঙ্গের ভোটের ফলপ্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক মসজিদে হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক ভারতে মসজিদে হামলার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে ‘অনৈতিক এবং ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েকশ মানুষ। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এটি মূলত সেই ঘটনারই দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ০১ মিনিট ১৭ সেকেন্ডের প্রতিবেদনটির ৩৩ সেকেন্ডে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে ‘অনৈতিক এবং ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে কয়েক’শ মানুষ। এ সময় সেখানে থাকা একটি দরবার শরিফে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি, আলোচিত বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটেও প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত বছরের ২৮ আগস্টে, দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট ওই পার্কে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে দুজন নারী, পাঁচজন পুরুষসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কালবেলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সময় পার্কের ভেতরে থাকা একটি দরবার শরিফেও আগুন দেওয়া হয়। প্রতিবেদনে যুক্ত ওই দরবার শরিফের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

একই ভিডিও চলতি বছরের মার্চ মাসে ইরানের মসজিদে ইসরায়েলের হামলার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, নির্বাচনে জয়ের পরে বিজেপি কর্তৃক ভারতের মসজিদে হামলার দৃশ্য দাবিতে বাংলাদেশের দিনাজপুরের ‘জীবন মহল’ বিনোদন পার্কে হামলা ও অগ্নিসংযোগের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: