সম্প্রতি, “রাষ্ট্রপতি কে বহিষ্কার করে গণহত্যার দায়ে গ্রেফতার করেছে পুলিশ” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং উক্ত দাবি সমর্থিত পোস্টটির মন্তব্যঘরে একটি ব্লগস্পটভিত্তিক আর্টিকেলের লিংক সংযুক্ত করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি কে পদ থেকে বহিষ্কার করে গ্রেফতারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে এ দাবি ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘Newsbd24ab’ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে উক্ত ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘রাষ্ট্রপতি কে বহিষ্কার করে গণহত্যার দায়ে গ্রেফতার করেছে পুলিশ’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
কথিত এই সংবাদে দাবি করা হয়, ‘রাষ্ট্রপতি কে বহিষ্কার করে গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে ইমপিচমেন্ট ও গ্রেফতারের দাবি: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ২৫শে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অভিশংসন (ইমপিচমেন্ট) এবং গ্রেফতারের দাবি তুলেছেন। তার অভিযোগ, রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি, তাই তাকে এর দায় নিতে হবে।’
কথিত এই প্রতিবেদনের শিরোনামে ‘রাষ্ট্রপতি কে পদ থেকে বহিষ্কার করে গ্রেফতার করা হয়েছে’ শীর্ষক দাবি করা হলেও এর বিস্তারিত অংশে এরূপ কোনো দাবির উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে গত ২৫ ফেব্রুয়ারিতে ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।’
প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।
উল্লেখ্য, বঙ্গভবনে আগামী ঈদ উদযাপনের স্মৃতি নিয়ে নিজেই চলে যেতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাকে ইমপিচমেন্ট করা হোক, এটা তিনি আশা করেন না। উপযুক্ত সময়ে এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বিদায় নিতে চান তিনি এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যেই বিএনপির এক নীতিনির্ধারকের সঙ্গে আলাপও করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
সুতরাং, “রাষ্ট্রপতি কে বহিষ্কার করে গণহত্যার দায়ে গ্রেফতার করেছে পুলিশ” শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Star: রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
- Channel 24: মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
- Protidiner Bangladesh: রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে ঈদটা অন্তত করে যেতে চান


