কুমিল্লা-০৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়নি, ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার 

সম্প্রতি “দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদ্য বিএনপিতে যোগদানকারী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ড. রেদওয়ান আহমেদ-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য প্রার্থীতা এবং দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদের পূর্ব ঘোষিত মনোনয়ন বাতিল করে বিএনপি কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দলের ভিন্ন একটি প্রেস বিজ্ঞপ্তি সম্পাদনা করে আলোচিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি, কুমিল্লা উত্তর জেলাধীন চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বিএনপির মনোগ্রাম রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৬ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত তথ্যাবলীর সূত্র ধরে বিএনপির ফেসবুক পেজ ও দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত দাবি সংবলিত কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, বিএনপির ফেসবুক পেজে ও দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির অন্যান্য তথ্য অপরিবর্তিত রেখে কেবল মূল তথ্যে পরিবর্তন করা হয়েছে। মূল বিজ্ঞপ্তিতে চান্দিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করার তথ্য থাকলেও আলোচিত বিজ্ঞপ্তিতে এর স্থলে কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শীর্ষক তথ্য যুক্ত করা হয়েছে।

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিত হতে বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। আলোচিত বিজ্ঞপ্তিটির বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে, তিনি এটি সঠিক নয় বলে নিশ্চিত করেন।

সুতরাং, কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী. রেদোয়ান আহমেদের পূর্ব ঘোষিত মনোনয়ন বাতিল করে তাকে দলীয় পদ হতে বহিষ্কার করা হয়েছে দাবিতে বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: