‘বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে’ শীর্ষক আইনজীবীর বক্তব্য দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে “বিএনপি আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে” শীর্ষক দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবীদের প্রেস ব্রিফিং এর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে এক নারীকে বলতে শোনা যায়, “বিএনপি আওয়ামী লীগের সাথে আঁতাত করে আওয়ামী লীগের বিচারকার্যে গড়িমসি করতেছে। তারা ইতোমধ্যেই অ্যাডভোকেট তাজুল ইসলামকে বরখাস্ত করেছে। যারা এতগুলো মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসলো, সেই বিএনপি এখন জুলাই শহীদদের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে।”

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি ১ লক্ষ ১০ হাজারের অধিকবার দেখা হয়েছে।

টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দল বিএনপির বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের এমন কোনো প্রেস ব্রিফিং এর ঘটনা ঘটলে তা নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে ঢালাওভাবে খবর প্রচার হতো।

এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। পাশে উপস্থিত আইনজীবীদের দাঁড়ানো এবং বক্তব্যরত নারীর কথা বলার ভঙ্গি বাস্তব সংবাদ সম্মেলনের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীতে, ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ‘হাইভ ডিটেক্ট এআই’ মডেলে বিশ্লেষণ করলে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

সুতরাং, “বিএনপি আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে” শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: