ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জঙ্গি আতঙ্কে শিক্ষার্থীদের পালানোর দাবিটি ভুয়া 

সম্প্রতি, “ব্রাক বিশ্ববিদ্যালয় হঠাৎ করে জ*ঙ্গি আ/ত/ঙ্কে পালাচ্ছে সকল শিক্ষার্থী..জ*ঙ্গি গ্রুপ থেকে ভয়াবহ হামলার হুমকি দেওয়া হচ্ছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

একই ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন টাইমস নাউ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জঙ্গি আতঙ্কে শিক্ষার্থীদের পালানোর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৫ ডিসেম্বর দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি চলন্ত সিঁড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জোড়ে চলা শুরু করায় শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে নামার মুহূর্তের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে গত ১৬ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও’র সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বর্ণনা থেকে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই মুলত চলন্ত সিঁড়ি হঠাৎ জোড়ে চলা শুরু করে এবং যার ফলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।

পরবর্তীতে, ব্র্যাকে আলোচিত এই ঘটনার বিষয়ে জাগো নিউজের ওয়েবসাইটে গত ১৫ ডিসেম্বরে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্স শাখার ডেপুটি ম্যানেজার ফাতিউস ফাহমিদের তথ্যের বরাতে প্রকাশিত এই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, যান্ত্রিক ত্রুটির ফলে চলন্ত সিঁড়িটি (এসকেলেটর) অস্বাভাবিক গতিতে চলছিল এবং এ কারণেই শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত সিঁড়ি জোরে চলায় শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে নামার ভিডিওকে জঙ্গি আতঙ্কে শিক্ষার্থীদের পালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: