বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা দাবিতে গাজীপুরে সাংবাদিক নির্যাতনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি বিএনপি কর্তৃক বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বরিশালে বিএনপি কর্তৃক ছাত্রলীগের এক কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত বছরের আগস্টে গাজীপুরের সাহাপাড়া এলাকায় পুলিশের সামনে চাঁদাবাজরা স্থানীয় এক সাংবাদিককে মারধর করে। সেই ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ০৭ আগস্টে “থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গাজীপুর সদর থানার সামনে মারধরের শিকার ঐ সাংবাদিকের নাম আনোয়ার হোসেন।
পরবর্তীতে অনুসন্ধানে এ বিষয়ে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত বছরের ০৮ আগস্টে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনায় জানা যায়, গত বছরের আগস্ট মাসে গাজীপুরের সাহাপাড়ায় চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই একদল যুবক বেধড়ক মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরিবারের অভিযোগ, চাঁদাবাজদের অপকর্মের তথ্য জানার কারণেই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং হামলাকারীরা তার মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর সাথে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার দাবির সাথে কোনো সম্পর্ক নেই।
তাছাড়া, সাম্প্রতিক সময়ে বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার কোনো সংবাদ মূলধারার সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, বিএনপি কর্তৃক বরিশালে ছাত্রলীগের এক কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবিতে গাজীপুরে সাংবাদিক নির্যাতনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

