প্রাথমিক এবং মাধ্যমিকে শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি সরকার 

সম্প্রতি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিটিভির নামে সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকের কনটেন্টটি প্রায় ৩৪ হাজারবার দেখা হয়েছে এবং প্রায় চারশত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট যাচাই করে এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন।

অর্থাৎ, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি।

সুতরাং, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিটিভির বরাতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangladesh Television: Facebook
  • Bangladesh Television: YouTube
  • Ministry of Education, Bangladesh: Facebook
  • Ministry of Education, Bangladesh: Website
  • Statement from: Ministry of Education 
  • Rumor Scanner’s Analysis
Share: