সম্প্রতি, তারেক রহমানের জন্য তেল সংকট বলায় যুবককে কারেন্ট শর্ট দিয়ে নির্মম নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
পাশাপাশি, এটি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদককে নির্যাতনের ভিডিও দাবিতেও ফেসবুকে প্রচার হতে দেখা যায়। দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবি দুটির কোনটিই সঠিক নয়।। প্রকৃতপক্ষে, কুমিল্লার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় স্থানীয় লোকজন কর্তৃক চুরির অভিযোগে দুই যুবককে আটক করে রশি দিয়ে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কুমিল্লার স্থানীয় সংবাদ মাধ্যম ‘দৈনিক আজকের কুমিল্লা’ এর ফেসবুক পেজে গত ২৮ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি কুমিল্লা কালিরবাজারে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে শাস্তি দেওয়ার দৃশ্য।
এছাড়া, আলোচিত বিষয়ে দেশিয় একাধিক (১, ২) সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি তারেক রহমানের জন্য তেল সংকট বলায় উক্ত যুবককে শাস্তি দেওয়ার দৃশ্যের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দীর্ঘায়িত প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। তেলের অভাবে প্রতিদিনই হট্টগোল ও বিশৃঙ্খলা চলছে দেশের বিভিন্ন স্থানে।
সুতরাং, কুমিল্লায় চুরির অভিযোগে আটক দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ভিডিওকে তারেক রহমানের জন্য তেল সংকট বলায় যুবককে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Ajker Comilla: কুমিল্লা কালিরবাজারে ব্যাটারি চু’রি’র অভিযোগে যুবক’কে বৈদ্যুতিক শ’ক দিয়ে শা’স্তি দেওয়ার অ’ভিযোগ
- Nagorik TV: মসজিদে চুরি করতে এসে জনতার হাতে ধরা দুই যুবক
- BD24Live: কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন
- Samakal: জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা


