ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার দাবিতে তিন বছরের পুরোনো সংবাদ প্রচার 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ৫ লক্ষ ৬০ হাজারবার দেখা হয়েছে এবং প্রায় ২২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের এপ্রিল মাসে ফৌজদারি মামলায় ট্রাম্পের গ্রেফতার বিষয়ে ‘চ্যানেল ২৪’-এর একটি পুরোনো সংবাদ সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Channel 24’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৫ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সালের ০৪ এপ্রিল একটি ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং এরপর আদালতের অন্যান্য প্রক্রিয়া শুরু হয়।

আলোচিত বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যাচ্ছে।

এদিকে, ইরানের সাথে যুদ্ধ প্রসঙ্গে ‘আমরা আবার বোমা হামলা করব’ বলে হুঁশিয়ারি দিতেও দেখা যায় মার্কিন এই প্রেসিডেন্টকে। যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, সাম্প্রতিক সময়ে তিনি গ্রেফতার হননি।

সুতরাং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিতে তিন বছর পূর্বের পুরোনো সংবাদ প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: