ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে এআই ছবি প্রচার 

সম্প্রতি, বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী আলোচনা দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার সাক্ষাতের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়া ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবিটির ডানপাশে নিচের কোণায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’ এর জলছাপ দেখা যায়। প্রকৃতপক্ষে, কোনো কনটেন্ট গুগলের এআই প্রযুক্তি জেমিনির সাহায্যে তৈরি করা হলে তাতে এরূপ জলছাপ দেখা যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ছবিটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৩.২ শতাংশ দেখা যায়। এছাড়াও এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ছবিটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘SIA’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ছবিটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৯২.১ শতাংশ।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশের আগামী নির্বাচন বিষয়ে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে এআই দিয়ে তৈরি ছবিকে আসল দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: