স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিলের ডাক দেননি অর্থ প্রতিমন্ত্রী, ফেসবুকে ভুয়া ইভেন্ট প্রচার

সম্প্রতি, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে ‘পুলিশি ছাত্র নিপীড়নের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত ইভেন্টটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্তৃক ‘ছাত্র নিপীড়নের’ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল শীর্ষক দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, অর্থ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে একটি ভুয়া ইভেন্ট খুলে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে তথ্য অধিদফতরের ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে। এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।”

পাশাপাশি, অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাতে দৈনিক জাগো নিউজের ওয়েবসাইটে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ইভেন্টটি ভিত্তিহীন এবং এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ফেসবুকে একটি ভুয়া ইভেন্ট খুলে ‘পুলিশি ছাত্র নিপীড়নের দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- তথ্য অধিদফতর – পিআইডি: Facebook Post
- Jago News: জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল ‘গুজব ও ভিত্তিহীন’: অর্থ মন্ত্রণালয়

