জামায়াত না করলে আপনি স্পষ্ট অমুসলিম শীর্ষক কোনো মন্তব্য করেননি গোলাম পরওয়ার, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘আপনি যদি জামায়াত না করেন আপনি স্পষ্ট অমুসলিম’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আপনি যদি জামায়াত না করেন আপনি স্পষ্ট অমুসলিম’ শীর্ষক কোনো মন্তব্য মিয়া গোলাম পরওয়ার করেননি এবং ইনডিপেনডেন্ট টিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইনডিপেনডেন্ট টিভির ডিজাইনের আদলে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটের ঠিকানা রয়েছে এবং ইনডিপেনডেন্ট টিভির লোগো সদৃশ একটি লোগো রয়েছে। এছাড়া, মিয়া গোলাম পরওয়ারের ছবিও রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত বছরের ২৪ নভেম্বর ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ-সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এমনকি আলোচিত ফটোকার্ডে থাকা লোগোটি ইনডিপেনডেন্ট টিভিরর লোগো মত হলেও এটি ইনডিপেনডেন্ট টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে থাকা লোগোর সাথে পার্থক্য রয়েছে এবং আলোচিত ফটোকার্ডে ‘নভেম্বর’ বানানও ভুল রয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করার সপক্ষে অন্যকোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মিয়া গোলাম পরওয়ার ‘আপনি যদি জামায়াত না করেন আপনি স্পষ্ট অমুসলিম’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে ইনডিপেনডেন্ট টিভির ডিজাইনের আদলে তৈরি প্রচারিত ফটোকার্ডটি ভুয়া৷
তথ্যসূত্র
- Independent Tv- Facebook Page
- Independent Tv- Website
- Independent Tv- YouTube Channel
- Rumor Scanner’s Analysis

