নির্বাচনের দিন ও আগেরদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত একটি ভিডিও ২১ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং ভিডিওটিতে প্রায় ২ হাজার মন্তব্য এসেছে।
উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের অক্টোবর মাসে কেবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত একটি পুরোনো সংবাদ প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, ২০২৩ সালের ৩০ অক্টোবরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিও থেকে জানা যায়, ঐ সময়ে সাবমেরিন কেবল আপগ্রেডেশনের জন্য ২০ ঘণ্টার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে কোনো তথ্য গণমাধ্যম কিংবা সরকার সংশ্লিষ্ট সূত্রে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Independent Television: সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে
- Rumor Scanner’s Analysis
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

