নারী পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্য দাবিতে ইত্তেফাকের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, “সুন্দরী নারী পুলিশ ছাড়া আমার ভাল লাগে না” বলে মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে ইত্তেফাকও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইত্তেফাক কর্তৃক প্রকাশিত বাহারুল আলমের ভিন্ন মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইত্তেফাকের লোগো দৃশ্যমান। তবে, এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে, ইত্তেফাকের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি ইত্তেফাকের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, ইত্তেফাকের ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি ‘নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সুন্দরী নারী পুলিশ ছাড়া আমার ভাল লাগে না বললেন আইজিপি বাহারুল’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ইত্তেফাকের আসল ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রাক্-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বাহারুল আলম, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি আরো বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে; যা স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’
এছাড়া, উক্ত অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলমের দেওয়া বক্তব্যের বিষয়ে দেশিয় একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। উক্ত প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম “সুন্দরী নারী পুলিশ ছাড়া আমার ভাল লাগে না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ittefaq- Facebook Page
- Ittefaq- Website
- Ittefaq- YouTube Channel
- Ittefaq- Facebook Post
- Ittefaq- নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
- NTv- নির্বাচনে পেশাদার-নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
- Desh Rupantor- নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ আইজিপির
- Jago News- নির্বাচনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির
- Rumor Scanner’s Analysis

