সম্প্রতি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্যের প্রমাণ মেলেনি।
পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে দৈনিক বার্তা বাজারের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৪ জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন হুবহু একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র জায়েদা খাতুন তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে ঐ সময়ে গণভবনে যান। প্রচারিত ছবিটি মূলত এই ঘটনারই।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হননি।
সুতরাং, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League: Facebook Page
- বাংলাদেশ আওয়ামী যুবলীগ: Facebook Page
- Barta Bazar: প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ


