সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলে আইপিএল থেকে বাদ পড়েছেন দাবিতে চ্যানেল২৪ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ভিডিও দেখুন ইউটিউব ও টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুস্তাফিজকে নিয়ে কথা বলায় আইপিএল থেকে জেসন হোল্ডারকে বাদ দেওয়ার দাবিটি সঠিক নয় বরং, হোল্ডারের যে পডকাস্টকে জড়িয়ে এই দাবি ছড়াচ্ছে সেটি প্রকাশিত হয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটার প্রায় সপ্তাহ দুয়েক পূর্বে। উক্ত পডকাস্টে মুস্তাফিজ প্রসঙ্গে কোনো মন্তব্যও করেননি হোল্ডার।
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর মূল ভিডিওটি পাওয়া যায় গণমাধ্যমটির ফেসবুক পেজে। গত ০৮ জানুয়ারির ভিডিও প্রতিবেদনটি পর্যালোচনা করে তাতে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

ভিডিওটি থেকে জানা যায়, সম্প্রতি ক্রিকবাজের পডকাস্ট ‘গেম অন উইথ গ্রেস’-এ জেসন হোল্ডার বলেন, ‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’ ভারতকে নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন হোল্ডার। তাকে বয়কটের ডাক দিচ্ছেন তারা। এমনকি আইপিএল থেকে বাদ দেয়ার দাবিও উঠেছে। আসন্ন আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে হোল্ডারের।
পরবর্তী অনুসন্ধানে, গত ১৫ ডিসেম্বর প্রকাশিত আলোচিত পডকাস্টের ভিডিওটি পাওয়া যায় ‘Willow by Cricbuzz’ নামের ইউটিউব চ্যানেলে। উক্ত ভিডিওতে মুস্তাফিজ ইস্যুতে হোল্ডারকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি৷ তাছাড়া, এই পডকাস্টের প্রায় সপ্তাহ দুয়েক পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটে। গেল ৩ জানুয়ারি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে তাদের দল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নির্দেশ দেওয়ার খবর আসে। পরে কলকাতা নাইট রাইডার্স জানায়, তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে।
সুতরাং, মুস্তাফিজকে নিয়ে কথা বলায় আইপিএল থেকে জেসন হোল্ডারকে বাদ দেওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24: Facebook Video
- Willow by Cricbuzz: YouTube Video


