তারেক রহমানকে জড়িয়ে রাশেদ খাঁনের বক্তব্য দাবিতে কালবেলার সম্পাদিত ফটোকার্ড প্রচার

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. রাশেদ খাঁন “এই নির্বাচনে বিএনপি যদি হেরে যায় তা হবে চাদাবাজি, খুনখারাবি ও তারেক রহমান এর জোকারি কথাবার্তা বলার দায় নিয়ে হারবে” বলে মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশেদ খাঁনকে উদ্ধৃত করে “এই নির্বাচনে বিএনপি যদি হেরে যায় তা হবে চাদাবাজি, খুনখারাবি ও তারেক রহমান এর জোকারি কথাবার্তা বলার দায় নিয়ে হারবে” শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং রাশেদ খাঁনও এমন কোনো মন্তব্য করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে উল্লিখিত তারিখে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, কালবেলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২৫ জানুয়ারিতে গণমাধ্যমটির ফেসবুক পেজে “বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে।

কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘এই নির্বাচনে বিএনপি যদি হেরে যায় তা হবে চাদাবাজি, খুনখারাবি ও তারেক রহমান এর জোকারি কথাবার্তা বলার দায় নিয়ে হারবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালবেলার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভায় ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন বলেন, “ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তও পরাজিত হবে।”
এছাড়া, উক্ত নির্বাচনি সভায় রাশেদ খাঁনের বক্তব্য সংবলিত বিষয়ে দেশিয় একাধিক (১, ২) গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। তবে, গণমাধ্যমগুলোর প্রতিবেদন পর্যালোচনায় রাশেদ খাঁনের ‘এই নির্বাচনে বিএনপি যদি হেরে যায় তা হবে চাদাবাজি, খুনখারাবি ও তারেক রহমান এর জোকারি কথাবার্তা বলার দায় নিয়ে হারবে’ শীর্ষক কোনো বক্তব্য দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, রাশেদ খাঁনকে উদ্ধৃত করে “এই নির্বাচনে বিএনপি যদি হেরে যায় তা হবে চাদাবাজি, খুনখারাবি ও তারেক রহমান এর জোকারি কথাবার্তা বলার দায় নিয়ে হারবে” শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela: Facebook Page
- Kalbela: Website
- Kalbela: Youtube Channel
- Kalbela: Facebook Post
- Kalbela: বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্তও পরাজিত হবে: রাশেদ খান
- Jago News 24: ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে
- Rising BD: ‘ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে’

