সম্প্রতি, চট্টগ্রামের আগ্রাবাদে মার্কেটের জায়গা নিয়ে দ্বন্দ্বে কথিত শিবির কর্মী আলপাজ ভূইয়া কর্তৃক কথিত যুবদল নেতা আহসান কবিরকে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামের আগ্রাবাদে কথিত শিবির কর্মী আলপাজ ভূইয়া কর্তৃক কথিত যুবদল নেতা আহসান কবিরকে হত্যার নয়। প্রকৃতপক্ষে, কলম্বিয়ার শহর বুকারামাঙ্গায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কলম্বিয়ান সংবাদমাধ্যম ‘Alerta Bucaramanga’ এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২৫ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে, এটি কলম্বিয়ার শহর বুকারামাঙ্গার সেলেসিয়ানো এলাকায় সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও বলে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আন্তর্জাতিক স্প্যানিশভাষী অনলাইন সংবাদমাধ্যম ‘Infobae’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ এপ্রিলে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, কলম্বিয়ার শহর বুকারামাঙ্গায় দিনের আলোতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, ৪৬ বছর বয়সী ব্যবসায়ী হুয়ান কার্লোস কাসানোভা ২৩ এপ্রিল সকালে নিজের দোকানের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর হামলার শিকার হন। পুলিশের ধারণা, সুদের ঋণ পরিশোধ না করা কিংবা চাঁদাবাজির টাকা না দেওয়ার কারণে অপরাধী চক্রের প্রতিশোধমূলক হামলা হতে পারে এটি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে ঘটা কোনো ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। এর সাথে কথিত শিবির কর্মী কিংবা কথিত যুবদল নেতা হত্যার কোনো সম্পর্ক নেই।
সুতরাং, কলম্বিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনার ভিডিওকে চট্টগ্রামে শিবির কর্মী কর্তৃক কথিত যুবদল নেতাকে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Alerta Bucaramanga: Facebook Video
- Infobae: Website News


