সম্প্রতি, ‘বিএনপি দেশের জন্য বড় হুমকি’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি দেশের জন্য বড় হুমকি’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘০৫ জুলাই ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে ৫ মে তারিখে ‘বটবাহিনী দেশের জন্য বড় হুম/কি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও কালের কণ্ঠের লোগো মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। কালের কণ্ঠের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাইজেরও অমিল রয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ দাবি করেন, দেশের সাইবার ট্রাফিকের ৬০–৭০ শতাংশই বটনির্ভর; তাই অনলাইন জনমত বা সাইবার বুলিং বিশ্লেষণে অর্গানিক ও কৃত্রিম কার্যকলাপ আলাদা করা জরুরি। প্রতিবেদনটিতে বটবাহিনী কীভাবে ভুয়া জনমত, অপপ্রচার ও তথ্যযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র ও সমাজের জন্য হুমকি হয়ে উঠছে তা তুলে ধরে প্রযুক্তি কোম্পানির জবাবদিহি, আইনি ব্যবস্থা ও ডিজিটাল মিডিয়া লিটারেসি জোরদারের আহ্বান জানানো হয়েছে।
সুতরাং, ‘বিএনপি দেশের জন্য বড় হুমকি’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – Facebook Page
- Kaler Kantho – Website
- Kaler Kantho – YouTube Channel
- Kaler Kantho – Facebook Post
- Kaler Kantho – বটবাহিনী দেশের জন্য বড় হুমকি
- Rumor Scanner’s Own Analysis


