হাদি হত্যা ইস্যুতে ডাকসু নেত্রী জুমার বক্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা “ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে, না হয় আমাকে পাঠিয়ে দাও ফয়সালের কাছে” বলে মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে, না হয় আমাকে পাঠিয়ে দাও ফয়সালের কাছে’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে সেসময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ১৭ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের প্রকাশকাল, ফটোকার্ডে থাকা ছবি, শিরোনামের কিছু অংশ এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘জী/বিত অবস্থায় ফয়সালকে হাজির করতে হবে : জুমা’ শীর্ষক শিরোনামের সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘না হয় আমাকে পাঠিয়ে দাও ফয়সালের কাছেঃ ঝুমা’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে’ বলে দাবি জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এছাড়া, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেদিন সাক্ষাতের সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে। এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সুতরাং, “ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিত অবস্থায় হাজির করতে হবে, না হয় আমাকে পাঠিয়ে দাও ফয়সালের কাছে” শীর্ষক শিরোনামে ফাতিমা তাসনিম জুমার মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: