পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচার

২০২৪ সালে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর তিনি বিভিন্ন সময় অডিও কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং ইমেইলের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, তবে প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। এরই প্রেক্ষিতে সম্প্রতি “ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির অনুমতি সাপেক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করতে তার আবাসস্থলে পৌঁছেছি” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতের ছাত্তিসগড় রাজ্যের সরকারি গাড়ি বহরের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘NEWS AGRADOOT’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৭ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

তবে, ভিডিওটির বিবরণীতে বিস্তারিত কোনো তথ্যের উল্লেখ না থাকলেও এটি নিশ্চিত যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গাড়ি বহরের গাড়িগুলোর নাম্বার প্লেটে ‘CS’ কোড রয়েছে৷ উক্ত তথ্যের সূত্র ধরে জানা যায়, ‘CS’ ভারতের ছাত্তিসগড় রাজ্যের যানবাহনের রেজিস্ট্রেশন কোড। অর্থাৎ, গাড়ি বহরে থাকা যানবাহন ভারতের ছাত্তিসগড় রাজ্যে রেজিস্ট্রেশন করা। ভিডিওতে একটি গাড়ির নাম্বারপ্লেটের ওপর ‘S.D.M. CG12BA7711’ লিখা প্লেট দেখা যায়।
এছাড়া, Abhishek_upsc_lover নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৪ মে ‘IAS SDM का क़ाफ़िला’ (IAS SDM এর কাফেলা) শিরোনামে প্রকাশিত একটি রীলে একই ভিডিও ব্যবহার করা হয়৷ উল্লেখ্য, IAS ও SDM দ্বারা Indian Administrative Service ও Sub Divisional Magistrate বুঝানো হয়।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে একই ভিডিও প্রচারে শেখ হাসিনাকে কড়া নিরাপত্তায় ভারতের এলাহাবাদে সরিয়ে নেওয়া হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং আলোচিত দাবির সাথে ভিডিওটির কোনো সম্পর্ক নেই তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনার অপ্রাসঙ্গিক ভিডিওকে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও গাড়ি বহরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NEWS AGRADOOT: Youtube Video
- IAS SDM का क़ाफ़िला: Youtube Video
- Rumor Scanner’s Analysis

