আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে জড়িয়ে ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত ভাইরাল দাবিটি ভুয়া

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে দাবি করা হয়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনও ব্যক্তি (খোলা আকাশের নীচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদফতর বলেছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আরও দাবি করা হয় যে, এ পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল ডিফেন্স নাগরিক এবং বাসিন্দাদের কিছু সতর্ক বার্তাও দিয়েছে। কিছু পোস্টে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর এই সতর্ক বার্তা দিয়েছে বলে দাবি করা হয়।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির পোস্ট দেখুন ইউটিউব, ইন্সটাগ্রামে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে জড়িয়ে ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত ভাইরাল দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আবহাওয়া অধিদপ্তর এমন কোনো তথ্য দেয়নি, ফায়ার সার্ভিসও এমন কোনো সতর্ক বার্তা জানায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মগুলোয় এ সংক্রান্ত কোনো বার্তা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে গতকাল এক পোস্টে জানায়, “২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।”
আবহাওয়া অধিদপ্তরও এক ফেসবুক পোস্টে জানিয়েছে, এই ধরণের অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই।
অধিদপ্তরের ফেসবুক পেজে গতকাল একাধিক পোস্টে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখুন এখানে, এখানে, এখানে।
সুতরাং, আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসকে উদ্ধৃত করে ৫৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত ভাইরাল দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Fire Service & Civil Defence: Facebook Post
- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর: Facebook Post

