সম্প্রতি বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন শীর্ষক দাবিটি ভিত্তিহীন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের কোনো সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেনি৷ সাম্প্রতিক সময়ে দেশের অনেক স্থানে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে যাতে অনেকেই আহত হয়েছেন, তবে ৩ জন নিহত হওয়ার মতো ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সময়ে কেবল শেরপুরে ‘আগে চেয়ারে বসা’ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জন জামায়াত নেতা নিহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত পোস্ট প্রচারের সমসাময়িক সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত হওয়া সংক্রান্ত একটি ঘটনার বিষয়ে জানা যায়, যেখানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘আগে চেয়ারে বসা’ নিয়ে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের একজন নেতা নিহত এবং অনেকে আহত হয়েছেন।
তবে কোনো সংঘর্ষে একইসাথে ৩ জন নিহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত পোস্ট প্রচারের সমসাময়িক সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের বেশকিছু সংঘর্ষের খবর পাওয়া যায় যাতে অনেকেই আহত হয়েছেন। তবে কেউই নিহত হননি। যেমন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে গত ২৫ জানুয়ারিতে হওয়া সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোলার বোরহানউদ্দিনে গত এক সপ্তাহে উভয়দলের সমর্থকদের মধ্যে কমপক্ষে পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে গত ৩১ জানুয়ারিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নির্বাচনি প্রচার চালানোর সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গত ৩ ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে উভয়পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘ভিডিও লিংক কমেন্টে দেওয়া আছে’ দাবি করা হলেও কমেন্টে এমন কোনো ভিডিও পাওয়া যায়নি।
সুতরাং, সম্প্রতি বিএনপি-জামায়াত সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং ভিত্তিহীন।
তথ্যসূত্র
- BBC News Bangla – শেরপুরে ‘আগে চেয়ারে বসা’ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
- The Daily Star – চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
- The Daily Star – চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২
- Desh TV – ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০
- Jugantor – নওগাঁয় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩
- Rumor Scanner’s analysis

