গণভোটে না ভোটের প্রচারণা চালাননি ছাত্রদল সভাপতি রাকিব ও ছাত্রদল নেতা আবিদুল

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট যেখানে ব্যালটে থাকা প্রশ্নের জবাবে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ এর মধ্য দিয়ে নিজের মতামত প্রকাশ করবেন। এদিকে জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ‘না’ লেখা সংবলিত পুরোনো একটি ফটোকার্ডের স্ক্রিনশট প্রচার করে দাবি করা হয়েছে, গণভোটে ‘না’ ভোট দেওয়ার প্রচারণা চালিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘না’ লেখা সংবলিত ফটোকার্ডটি দিয়ে গণভোটে ‘না’ ভোট দেওয়ার প্রচারণা চালাননি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রকৃতপক্ষে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সেসময়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আপত্তি জানিয়ে ‘না’ এর প্রচারণা চালিয়েছেন; ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ এর বদলে ‘না’ দিতে বলেননি।

এ বিষয়ে অনুসন্ধানে গত বছরের ২৯ অক্টোবরে আবিদুল ইসলাম খানরাকিবুল ইসলাম রাকিবকে ‘না’ লেখা ফটোকার্ডটি পোস্ট করতে দেখা যায়। এর পরদিন ৩০ অক্টোবরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে এ বিষয়ে ‘না’ লেখা সংবলিত আরেকটি ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। পোস্টে ‘না’ এর বিষয়ে স্পষ্ট করে লেখা হয়, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটকে- “না”’। এছাড়াও, অনুসন্ধানে জানা যায়, সেসময় জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল আন্দোলন করছিল এবং তার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আপত্তি জানায় বিএনপি। গত ৩১ জানুয়ারিতে আবিদুল ইসলাম খান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্টের মাধ্যমেও জানান, ‘না’ লেখা সংবলিত এই ফটোকার্ডটি দ্বারা তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে আপত্তি জানিয়েছিলেন। ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ এর বদলে ‘না’ দিতে বলেননি।

সুতরাং, গণভোটে ‘না’ ভোট দেওয়ার প্রচারণা চালিয়েছিলেন আবিদুল ইসলাম খান ও রাকিবুল ইসলাম রাকিব শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: