ধানের শীষে ভোট দিতে ও জামায়াতকে ভোট না দিতে বলেননি শায়খ আহমাদুল্লাহ

সম্প্রতি জনপ্রিয় ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহকে জড়িয়ে দাবি প্রচার করা হয়েছে, ‘ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহবান জানালেন শায়েখ আহমদুল্লাহ’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও, দাবি প্রচার করা হয়েছে, ‘জামাত ইসলামীকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে শায়খ আহমদুল্লাহর আহবান’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানের শীষে ভোট দিতে ও জামায়াতকে ভোট না দিতে বলেননি শায়খ আহমাদুল্লাহ। প্রকৃতপক্ষে এরূপ দাবির সপক্ষে আহমাদুল্লাহর কোনো স্পষ্ট বক্তব্য ব্যতীত ভিন্ন বক্তব্য আলোচিত দাবির প্রমাণ হিসেবে ব্যবহার করে এরূপ দাবি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহবান জানালেন শায়েখ আহমদুল্লাহ’ এরূপ দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কমেন্টে পোস্টকারীকে একটি ভিডিওর লিঙ্ক সংযুক্ত করতে দেখা যায়। ভিডিওতে আহমাদুল্লাহকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের; যে মানুষগুলো এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে আল্লাহর রাহে কোরবান..’।
এরই প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম ‘আমাদের সময়’ এর ওয়েবসাইটে গত বছরের ২০ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আহমাদুল্লাহর উক্ত বক্তব্যের সংযুক্তি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে এছাড়াও বলা হয়, আহমাদুল্লাহ আরও বলেন, আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন। আমাদের ঘরে ঘরে হাদি প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা-আদর্শ, সততা-নিষ্ঠা যদি ধারণ করতে পারি, আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন তরুণরা ধারণ করতে পারে এমন প্রত্যাশা রাখেন শায়খ আহমাদুল্লাহ। তবে আমাদের সময়ের প্রতিবেদনে আহমাদুল্লাহকে কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে আহ্বান বা বিরত থাকার আহ্বান জানানোর বিষয়ে কোনো উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে কাকে ভোট দেওয়া উচিত এ বিষয়ে আহমাদুল্লাহর মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে ‘কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ’ শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ‘কালবেলা’র ওয়েবসাইটে গত ২২ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, কাকে ভোট দেওয়া উচিত এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। ‘তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে কাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে, এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু এরপর দেখলেন যে, না আপনি আসলে যেটাকে সঠিক মনে করেছেন সেটা সঠিক হয় নাই, লোকটা রাইট পার্সন না- এ জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে চেষ্টা করতে হবে, যে কয়জন আছে এর মাঝে সবচেয়ে ভালো সৎ-যোগ্য মানুষ কে। সে জিতবে কী জিতবে না এটা আপনার দেখার বিষয় না।..’
এছাড়াও, নির্দিষ্ট দলকে ভোট দেওয়া প্রসঙ্গে আহমাদুল্লাহর নামে প্রচারিত এরূপ বক্তব্যের বিষয়ে আহমাদুল্লাহর ইউটিউব চ্যানেলে গত ৯ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে তিনি এ বিষয়ে বলেন, এরূপ প্রচার দুর্ভাগ্যজনক বিষয় এবং যারা এরূপ প্রচার করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন মিথ্যা কথা বলা প্রচন্ড নিন্দনীয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ধানের শীষে ভোট দিতে ও জামায়াতকে ভোট না দিতে বলেছেন শায়খ আহমাদুল্লাহ শীর্ষক দাবি মিথ্যা।

